আবুল খায়ের গ্রুপের জাহাজ ডুবে নিখোঁজ ৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এতে ওই জাহাজের নাবিকসহ অন্তত আটজন নিখোঁজ আছেন বলে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১৯ মার্চ) ভোররাত সাড়ে তিনটার দিকে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকারেজে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি সাঙ্গু দোভাষিবাজারের অদূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়।

এমভি টিটু-১৪ নামে জাহাজটি সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই হলে সেটির গন্তব্য এবং দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজটি সম্ভবত কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে গেছে। এতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৪ জন ছিল। কোস্টগার্ড ৫ জন এবং বন্দরের টিম একজনকে জীবিত উদ্ধার করেছে। আটজন এখনও নিখোঁজ আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বন্দরে জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই।

ঘটনাস্থলে থাকা কোস্টগার্ডের পূর্ব জোনের একজন কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে, তারা বলছেন ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে কোনো ড্রেজার বা বালুবোঝাই নৌযান পাইনি। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.