রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় রেফ্রিজারেটরের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ সদস্য দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আব্দুল করিম (৩০) এবং তার স্ত্রী খাদিজা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভোর ৫টার দিকে মারা যায় খাদিজা আক্তার (২৫) এবং ভোর সোয়া ৬টার দিকে মারা যায় আব্দুল করিম (৩০)।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি জানান, করিমের শরীরে ৫৪ শতাংশ ও খাদিজার ৯৫ শতাংশ দগ্ধ ছিলো। আইসিইউতে আজ ভোরে তাদের মৃত্যু হয়েছে। তাদের দেড় বছরের মেয়ে ফাতেমা আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে মৃত খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, আইসিইউতে ভোরে মারা যায় খাদিজা আক্তার ও স্বামী আব্দুল করিম। তাদের মৃতদেহ গ্রামের বাড়ি পাবনা সুজানগরে নিয়ে যাওয়া হবে।
এর আগে, বুধবার ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪তলা বাড়ির নিচ তলাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।