চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মাদকের মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কামরুল হায়দার সৈকত (২২), মো. সালেহ ওসমান রাসেল (২৮) ও কামরুল হক (৩৫)। কামরুল হায়দার সৈকত রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গোপনে সংবাদের ভিত্তিতে র্যাব ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি বিকেলে নগরের আগ্রাবাদ এলাকা থেকে একটি মোটরসাইকেল থামিয়ে আসামিদের দেহ তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৬৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ এর ডিএডি হারুনুর রশিদ আসামিদের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় মামলা করেন। ২০১৭ সালের ৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় তিন আসামিকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন জামিন নিয়ে পলাতক।