শিক্ষক উৎপল হত্যা : বিচার দাবিতে চবিতে মানববন্ধন

উৎপল কুমার সরকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ সেশনের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি হয় ৫৬ তম ব্যাচ। সেই হিসেবে ১৫ব্যাচ আগে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন উৎপল কুমার বিশ্বাস। পড়াশোনা শেষে কর্মক্ষেত্রেও সফল ছিলেন উৎপল কুমার। সাভারের আশুলিয়া চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন তিনি। গত ২৫ জুন এক ছাত্রের স্ট্যাম্পের আঘাতে আহত হয়ে ২৭ জুন সকালে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

উৎপল কুমারের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ১৫ বছর আগে ভর্তি হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে। তাই আজ উৎপলের সহপাঠীরা ক্যাম্পাসে এসেছেন তাঁর মৃত্যুর প্রতিবাদ জানাতে। জীবিত উৎপলের চেয়ে মৃত উৎপলের নামটাই আজ বেশি পরিচিত চবি ক্যাম্পাসে।

মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন চবির ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা। এতে রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী এবং বিভাগের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির বলেন, একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে? শিক্ষকরা হলেন ছাত্রদের মাথার তাজ স্বরূপ। কিন্তু একজন ছাত্রের হাতে যখন একজন শিক্ষক খুন হন, তখন বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি আজকের মানববন্ধন থেকে আমার ছাত্র উৎপল হত্যার বিচারের দাবি জানাই।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিন বলেন, আমরা সভ্যতার একটি চরম অন্ধকার পর্যায়ে বসবাস করছি। যেখানে একজন ছাত্রের হাতে শিক্ষক খুন হওয়ার চিত্র দেখতে হয়েছে। এ ঘটনাকে শুধু সাধারণ একটি অপরাধ হিসেবে বিবেচনা করলে চলবে না। সভ্যতাকে টেনে হিচড়ে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে দেখতে হবে। শুধু দোষীকে শাস্তি দিলেই বিষয়টির সমধান হবে না, বরং আমাদের সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে।

উৎপল কুমারের সহপাঠী রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, উৎপল আমাদের বন্ধুদের মধ্যে অন্যতম বিনয়ী একজন ছিলেন। আজ আমরা তাকে হারিয়েছি। আমাদের বন্ধুবান্ধবদের সফলতায় যেমন আমরা গর্ববোধ করি তেমনি উৎপলকে মৃত্যুও আমাদের হৃদয়ে দাগ কেটেছে। এর সুষ্ঠু বিচার চাই আমরা।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মো. সুমন মামুনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম, এজিএম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন, মো. সেলিমুল হক, মুহাম্মদ ইসহাক, উম্মে হাবিবা, তসালিমা আক্তার, প্রভাষক শারমিলা করিম সীমা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মোরশেদ।

নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত শিক্ষার্থী একই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষক উৎপল কুমারের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.