৩ ইউনিটে রাঙ্গুনিয়ায় যুবদলের কমিটি ঘোষণা

এম. মতিন

চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলার ৩ ইউনিটে যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল।

বৃহস্পতিবার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা, রাঙ্গুনিয়া দক্ষিণ থানা শাখা ও রাঙ্গুনিয়া পৌরসভার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক এম এন সোহেল স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। তবে বিজ্ঞাপ্তিতে পূর্ণাঙ্গ উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের মেয়াদ ও জমা দেয়ার কোন নির্দেশনা দেয়া হয়নি।

এদিকে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে মোঃ সেকান্দর আলী আহবায়ক, মাহমুদুল হক চৌধুরী মাসুদ সিঃ যুগ্ম আহবায়ক ও এস এম লোকমানকে সদস্য সচিব করে ৫৬ সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া উপজেলা আহ্বায়ক কমিটি, মোঃ শাহজাহান শিকদার আহবায়ক, জহির উদ্দিন বাবর সিঃ যুগ্ম আহবায়ক, খালেদ হোসেন চৌধুরী রাসেলকে সদস্য সচিব করে ৪২ সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া দক্ষিণ থানা শাখার আহবায়ক কমিটি ও মোঃ জামাল আহবায়ক, গাজী মোঃ জসিম উদ্দিন সিঃ যুগ্ম আহবায়ক, মোহাম্মদ মহসিনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

এব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৯ বছর পর রাঙ্গুনিয়া আহ্বায়ক কমিটি পেল যুবদল। আহ্বায়ক কমিটি অনুমোদনের পর থেকে যুবদলের নেতা-কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে।’ পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা উল্লেখ না থাকার বিষয়ে তিনি বলেন, ‘শীর্ঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দেয়ার তারিখ ঘোষণা করা হবে। আপাতত আমাদের মূল লক্ষ্য যুবদলকে উজ্জিবিত করে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে সাথে নিয়ে দলের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করা এবং দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা।’

উল্লেখ্য, বিগত ২০১২ সালে ৩০ জানুয়ারি বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক কুতুব উদ্দিন বাহারকে আহবায়ক ও মোঃ মুজিবুল আলাম মুজিবকে সিঃ যুগ্ম আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট যুবদলের কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মঞ্জু।

দীর্ঘ ৯ বছর পর রাঙ্গুনিয়া উপজেলার ৩ ইউনিটে যুবদলের কমিটি গঠিত হওয়ায় যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে। কর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.