চবিতে ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় মূলহোতাসহ চারজন গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় মূলহোতাসহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৩ জুলাই) সকাল ৯টায় সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, এ বিষয়ে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট) সিপিসি-৩ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে জড়িতদের একজন চবি শাহ আমানত হলে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে ১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, রাত সাড়ে ১২টা থেকে চবির আমানত হলে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত ১৭ জুলাই ক্যাম্পাসে এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠে পাঁচ তরুণের বিরুদ্ধে। পরে এ বিষয়ে ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। একইসাথে বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে ফেরার সময়সীমা বেঁধে দেয়। নির্দিষ্ট সময় হলে ঢুকার প্রতিবাদে ওইদিন রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনে নামে ছাত্রীরা। পরে প্রশাসনের লিখিত প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন থেকে সরে আসে তারা। পরেরদিন হেনস্তার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.