সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে আফিয়া ছালেহা রিফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার জনার কেঁওচিয়া খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। রিফা ওই এলাকার আবু ছালেহের মেয়ে। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেঁওচিয়ার চেয়ারম্যান ওসমান আলী । তিনি জানান, বাড়ির ভেতর বাথরুমে একটি বালতিতে সামান্য পানি ছিল। শুক্রবার সকালে বাড়ির লোকজনের অজান্তে শিশুটি খেলা করছিল। একটি শ্যাম্পুর বোতল বালতিতে পড়ে গেলে শিশু সেটি নিতে চাইলে পানিতে পড়ে যায়। তার মাথাটি পানির নিচে থাকায় সে আর উঠতে পারেনি। এতে পানিতেই শিশুটি মারা যায়। বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুটি পানিতে পড়ে গেলেও কেউ দেখেনি। নিহত শিশুর বাবা আবু ছালেহ জানান, সকালে তারা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। সেসময় শিশুটি সবার অগোচরে বাথরুমে চলে যায়। একপর্যায়ে বালতির সামান্য পানিতে উপুড় হয়ে (পা ওপরের দিকে, মাথা নিচের দিকে) পড়ে থাকা অবস্থায় তার মেয়ের লাশ পাওয়া যায়।