১৮ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

রাঙামাটি প্রতিনিধি

তিন মাস ১৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক জানান, ১৮ আগস্ট থেকেই কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে ব্যবসায়ী, বিএফডিসি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, হ্রদে বর্তমানে পানির পরিমাণ ৯৬ এমএসএল। যদিও ১০২ এমএসএল হলে হ্রদে আহরণ শুরু হতো। সামনের কদিনে বৃষ্টিপাত হলে হ্রদে পানি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, ১৮ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হচ্ছে। হ্রদে পানির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। ২৮ জুলাইয়ের বৈঠকের সময় পানি ছিল ৯০ এমএসএলের মতো, এখন যেটা দাঁড়িয়েছে ৯৬-এ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আহরণ শুরু হচ্ছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙামাটি নদী উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা লিপন মিয়া, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, আব্দুর শুক্কুর, হারুন, মজিদ, মান্না সওদাগরসহ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.