বাকলিয়ায় আ.লীগ কাউন্সিলরের বাসায় হামলা, বিএনপির তিনকর্মী গ্রেপ্তার

সোমবার কাউন্সিলরের অফিসের কাঁচ ও চেয়ার ভাংচুর করে বিএনপির কিছু নেতাকর্মী। চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরের বাসায় হামলার ঘটনার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন, মো. রিহাদ, ইলিয়াস, আবুল হাসেম। তারা তিনজনই স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে হামলার ঘটনায় গত ৩০ আগস্ট ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা সোয়েব চৌধুরী বাদী হয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের নাম উল্লেখ মামলা দায়ের করে।

সিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

এর আগে সোমবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরের বাকলিয়া থানার বাদামতল সেতুর কাছে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এই সংঘর্ষের জের ধরে আওয়ামী লীগের কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসায় হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাকলিয়ার বাদামতল এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচি ছিল। সেখানে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় স্থানীয় কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়। এসময় পুলিশ এসে তাদেরকে থামায়। পরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে মিয়াখান নগরে এসে সমাবেশ করে। এদিক মিয়াখান নগরে সমাবেশ শেষে বিএনপির কিছু নেতাকর্মী সেখানে থাকা কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসায় হামলা করে। তারা কাউন্সিলরের অফিসের কাঁচ ও চেয়ার ভাংচুর করে।

মামলার বাদী সোয়েব চৌধুরী সিভয়েসকে বলেন, ‘আমি স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ঘটনার দিন আমরা কাউন্সিলর নুরুল আলম মিয়ার অফিসের সামনে থেকে মিছিল করছিলাম অতর্কিত বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা কাউন্সিলরের বাড়িতেও হামলা চালায়। হামলায় আমি আহত হয়েছি। এই ঘটনায় পরেরদিনই আমি মামলা দায়ের করি।’ মামলায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করা হয়েছে বলে বাকলিয়া থানা সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.