চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণে ফেল থেকে ৪৫ শিক্ষার্থীর পাস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এতে ৪৫ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ’

এর আগে গত ২৮ নভেম্বর সারা দেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয় এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ১০ হাজার ৮৮৯ জন ছাত্রী ও সাত হাজার ৭৭৫ জন ছাত্র।

ফলাফলে দেখা যায়, ২০ হাজার ৯৯ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ১৪ হাজার ১৯৪ জন। বাকিরা একাধিক বিষয়ে ফেল করেন।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, বাংলা প্রথম পত্রে ২ হাজার ৪৭৮, বাংলা দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৬৭, ইংরেজি প্রথমপত্রে ৭ হাজার ৪৯৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ৪ হাজার ২৯৪, গণিতে ৩ হাজার ২৪০, ভূগোল ও পরিবেশে ২৫৬, উচ্চতর গণিতে ১ হাজার ৫৭৯, কৃষি শিক্ষায় ৩৩৪, পদার্থ বিজ্ঞানে ১ হাজার ২৪২, রসায়নে ১ হাজার ৮৩৪, জীববিজ্ঞানে এক হাজার ৫৩৮, পৌরনীতি ও নাগরিকতায় ২৬৪, অর্থনীতিতে ১৪২, ব্যবসায় উদ্যোগে ১ হাজার ১০, হিসাব জিজ্ঞানে ৪৪৯, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৩, ফিন্যান্স ও ব্যাংকিং ৫০৫ এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ২৩৩ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

২০২১ সালে এসএসসিতে ফল পরিবর্তন হয়েছিল ২১২ জনের। ২০২০ সালে পরিবর্তন হয়েছে ৬০৯ জনের।

মন্তব্য করুন

Your email address will not be published.