জঙ্গল সলিমপুরে ঢোকার প্রস্তুতি নিতে গিয়ে ‘গিট্টু জাহাঙ্গীর’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে ১৮ মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি এসবিবিএল বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে। তবে বর্তমানে তিনি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৬ নম্বর সমাজে বসবাস করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মারামারিসহ মোট ১৮টি মামলা আছে।

র‍্যাব–৭–এর বিশেষ কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের একাধিক গ্রুপ আছে। গিট্টু জাহাঙ্গীর জঙ্গল সলিমপুরের অবৈধ বিদ্যুৎ সংযোগের কাজ নিয়ন্ত্রণ করতেন। তাঁর প্রতিপক্ষ ছিল জামাল শেখ নামের এক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। ‌সম্প্রতি জামাল জামিনে মুক্তি পেয়ে আবার সংগঠিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গল সলিমপুরে ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন। জামাল শেখ জঙ্গল সলিমপুরে ঢোকার খবরে গিট্টু জাহাঙ্গীরও অস্ত্র মজুত করেছিলে।

গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে উভয় গ্রুপকে ধরতে র‍্যাব সেখানে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে জামাল শেখ গা ঢাকা দেন। তবে র‍্যাব গিট্টু জাহাঙ্গীরকে অস্ত্রসহ ধরতে সক্ষম হন। এ ঘটনায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা হবে‌।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানিয়েছেন, অবৈধ অস্ত্রটি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করতেন।

মন্তব্য করুন

Your email address will not be published.