সাতকানিয়া প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উজ্জীবিত শিশু-কিশোররা।
নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কেরানীহাট শাখার কর্মকর্তা আবু ওমর মোহাম্মদ আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০১০ সাল থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।
ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে, লাল-সবুজ প্লোকার্ড-ফেস্টুন নেড়ে এবং বেলুন উড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। হাজার হাজার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।