সাতকানিয়ায় দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় পিষে মারলো ইউপি সদস্যকে

চট্টগ্রামের সাতকানিয়ায় পেছন থেকে মালবাহী পিকআপের ধাক্কায় মো. ইসমাঈল হোসেন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হয়। এর আগের দিন রবিবার চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট জামিজুরী রাস্তার মাথা এলাকায় তেল নিতে ফিলিং স্টেশনে প্রবেশের আগ মুহুর্তে পেছন থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে যান। পরে ওই পিকআপ দ্রুত গতিতে পালানোর সময় তাকে পিষে মারে।

ইসমাঈল হোসেন (৪৬) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। ওই এলাকার মলিয়াকুল মুন্সির বাড়ির মৃত আহমুদুর রহমানের ছেলে তিনি। তিনি স্থানীয়ভাবে ‘বাবু মেম্বার’ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বাবু মেম্বার দুপুরে জসিম নামে আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তেল নিতে জামিজুরী রাস্তার মাথা এলাকায় নির্মিত মেসার্স এম এ কাশেম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছালে মোটর সাইকেল গতি কমিয়ে ফিলিং স্টেশনের প্রবেশের পূর্ব মুহুর্তে পেছন দিক থেকে একটি মালবাহী পিক-আপ তাদের সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল আরোহী দুজনই মহাসড়কে ছিটকে পড়েন। জসিম মেম্বার সড়ক থেকে গড়িয়ে একপাশে চলে গেলেও বাবু মেম্বার সড়কের উপর পড়ে থাকেন। এ সময় মালবাহী পিক-আপটি দ্রুত গতিতে চলে যাওয়ার সময় বাবু ম্বোরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই তার শরীরে অস্ত্রোপাচার করা হয়। সোমবার বিকাল ৩টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার বিষয়ে জানতে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জুম মিটিংয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.