চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ জরিমানা করেন।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো— সামু বেকারি, মেজবান বাড়ি, খাগরিয়া স্টোর, এ.জে সুপার সপ ও কামাল স্টোর।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, রেস্টুরেন্ট ও বেকারিগুলো বেশ অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য প্রস্তুত করছে। আমি অভিযান পরিচালনা করতে গিয়ে অবাক হয়েছি; যে কিছু কিছু প্রতিষ্ঠান এতো নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে কিংবা মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজ ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৫ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।