একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনতাই হওয়ার ঘটনার পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও জঙ্গি হামলার আশঙ্কা নেই।
এছাড়া আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১২ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র ওই দুইজনকে এখনও গ্রেফতার করা যায়নি। আমাদের টিম তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
শহীদ মিনারে সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমরা নিরাপত্তার জন্য পলাশী থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত সমগ্র এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। পুলিশের কন্ট্রোল রুম থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারিতে রাখা হবে। আমাদের আর্চওয়ে থাকবে, সেটা দিয়ে শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করা হবে। কোন ব্যাগ কিংবা জিনিসপত্র নিয়ে আসবেন না, আমরা এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেব না।
তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে উন্মুক্ত পরিবেশে এবার মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শহীদ মিনারে আসবেন। রাজধানীর সর্বস্তরের মানুষ শহীদ মিনারে আসবেন নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের সহযোগিতা করছে।
ডিএমপি কমিশনার বলেন, তিন ভাগে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০ ফেব্রুয়ারি তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা, ২১ ফেব্রুয়ারি তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কাজ করবে নিরাপত্তা বাহিনী।