সোনার বার: চট্টগ্রামে ৬ ‘কারবারির’ কারাদণ্ড

 

চট্টগ্রাম ব্যুরো: অবৈধভাবে আনা ১৮টি সোনার বার উদ্ধারের মামলায় সাত আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে, আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বুধবার (০১ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছা বেগম আদালত এ রায় ঘোষণা করেন।

মহানগর পিপি মো. আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি আবদুর রশীদ সারাবাংলাকে জানান, দণ্ডিত ছয়জনের মধ্যে মো. বাহাদুর এবং মো. হাসান রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। তাদের সাজা পরোয়ানা মূলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

দণ্ডিত বাকি চারজন হলেন- শাহজাহান বাবলু, নিজাম উদ্দিন, কায়সার বিন আনসারী এবং শফিউল আজম। তারা গ্রেফতারের পর জামিনে গিয়ে পালিয়ে যান বলে পিপি জানিয়েছেন।

অতিরিক্ত মহানগর পিপি ফারহানা রবিউল লিজা সারাবাংলাকে জানিয়েছেন, ২০১৫ সালে ৬ জুলাই নগরীরর পাঁচলাইশ থানার হিলভিউ এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। পাঁচলাইশ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০১৬ সালের ৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.