প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফল প্রকাশের বিষয়টি জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ করা হয়। তবে কারিগরি ত্রুটির কারণে ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় প্রকাশিত ফলাফল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর স্থগিত করা ফল পুনঃযাচাইক্রমে এখন প্রকাশ করা হলো।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ফল জানবেন যেভাবে— 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট, স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বৃত্তি পরীক্ষার ফল পাওয়া যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও (DPEThana/Upazila Code No.Roll Number-Year and Send to 16222) ফল জানা যাবে।

প্রসঙ্গত ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.