বৃদ্ধাশ্রমে ফেলে আসা রাঙ্গুনিয়ার সাবেক শিক্ষকের পাশে দাঁড়ালেন তথ্যমন্ত্রী

ঢাকার একটি বৃদ্ধাশ্রমে ফেলে আসা রাঙ্গুনিয়ার সাবেক শিক্ষক সেলিম মাস্টারকে দেখতে গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে মন্ত্রী চট্টগ্রামের নিজ উপজেলা রাঙ্গুনিয়ার সাবেক শিক্ষক সেলিম মাস্টারের পাশে কিছু সময় অবস্থান করেন। এসময় তিনি এই শিক্ষককে এ অবস্থা থেকে উত্তরণের জন্য সন্তানদের খুঁজে বের করতে এরইমধ্যে নির্দেশনা দিয়েছেন বলেও জানান।

প্রতিষ্ঠানের পরিচালক মিল্টন সমাদ্দার ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, প্রত্যেক সন্তানের উচিত বাবা-মা যেমনই হোক, যতদিন বেঁচে থাকেন, তাদের সেবা-শুশ্রুষা, দেখাশোনা ও সাধ্যমতো যতটুকু সম্ভব করা। আমাদের দেশে সাধারণত মানুষ তাই করে থাকে। সরকার এ বিষয়ে আইনও প্রণয়ন করেছে। যারা এটি করে না, তারা যেমন একদিকে সামাজিক অন্যায় করছে, অন্যদিকে রাষ্ট্রের আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ করছে। এ অপরাধ ক্ষমার অযোগ্য।

বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, মিল্টন সমাদ্দার যে কাজ করছেন, সেটি অনন্য অসাধারণ কাজ। আমি দেশের একজন নাগরিক হিসেবে, সরকারের একজন মন্ত্রী হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এরইমধ্যে তাকে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার জন্য যুব পুরস্কার এবং সমাজকল্যাণ পুরস্কার দেওয়া হয়েছে। নানাভাবে সহায়তাও করা হয়েছে। প্রয়োজনে আমরা আরও সহায়তা করবো। আমি মনে করি, তার পদাঙ্ক অনুসরণ করে আরও অনেকেই এ ধরনের কাজে এগিয়ে আসবে।

এরআগে ঢাকার একটি বৃদ্ধাশ্রমে অসুস্থ সেলিম মাস্টারের কান্নার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে বৃদ্ধকে বলতে চাকুরি থেকে অবসর নেওয়ার পর পেনশনের ৪২ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিজের দুই মেয়ে তাঁকে সড়কে ফেলে রেখে গেছে বলে জানান তিনি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.