বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই বালুর টাল এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৭ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এ ঘটনায় দুই জনের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— জাহেদ (২৩), শহিদুল ইসলাম (১৩), পঙ্কজ (৪০), নুর জাহান (৪৫), বাহাদুর (৩৮), নিহা (৬), এবং জসিম (৩০)। এদের মধ্যে জাহেদ এবং শহিদুল ইসলামের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারী-শিশুসহ ৭ জন আহত রোগী সকালবেলা হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জন বাড়ি ফিরে গেছেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর তাই তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.