নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তিতে নতুন করে ঘর নির্মাণ কাজে বাধা দিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে ভাতিজা-ভাতিজিদের মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশিরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন— বকশির খিলের আব্দুল শুক্কুর, তার ছেলে আবদুল্লাহ আর রহমান রোকন (২২), মো. আবদুল্লাহ আল কাইছার (৩০), মকবুল আহাম্মদের ছেলে মো. জামাল, তার মেয়ে বিবি মরিয়ম মিশু, তার মা কানিজ ফাতেমা সুমি ও আব্দুল শুক্কুরের স্ত্রী জয়নাব বেগম।
জানা গেছে, বকশীরখীল ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবদুল শুক্কুররা চার ভাই ও দুই বোন। এদের মধ্যে তার এক ভাই আব্দুল আলীম মারা গেছেন ২০ বছর আগে। তার সন্তান আবদুল্লাহ কাইছারসহ অন্যান্যরা সম্পত্তি ভাগবাটোয়ারা করে দিতে বললে গড়িমসি শুরু করে আবদুল শুক্কুর। এ নিয়ে বিচার গড়ায় ইউনিয়ন পরিষদেও। স্থানীয় চেয়ারম্যান রমজান আলী বিষয়টি সুরাহা করে দেন ওয়ার্ড মেম্বারের মাধ্যমে। ওয়ার্ড মেম্বার ছগির আহমদ সার্ভেয়ার দিয়ে মাপঝোপ করে ‘এতিম’ সন্তানদের ঘর করতে বুঝিয়ে দেন। আজ শুক্রবার ওই জায়গায় শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করলে ক্ষোভে ফেঁসে উঠেন আব্দল শুক্কুর। তার সন্তানসহ অন্যান্যদের নিয়ে আক্রমণ করেন ইমাম শরিফের দুই কন্যার উপর। একজন হলেন ফেরদৌস অন্যজন জান্নাতুল মাওয়া।
অভিযুক্তরা হঠাৎ বাড়ির ভেতরে প্রবেশ করে এলোপাথাড়ি মারধর শুরু করে ইমাম শরিফের বড় মেয়ে ফেরদৌসের উপর। এসময় তাকে লাঠিসোঠা দিয়ে মারধর করে আহত করে। তাকে উদ্ধারে গিয়ে ছোট মেয়ে জান্নাতুল মাওয়াও তাদের মারধরের শিকার হন। একপর্যায়ে তাদের হাতে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
এদিকে ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে এবং ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।