১০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে খুন

চট্টগ্রামের পটিয়ায় ১০০ টাকার জন্য এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুন) সকালে সাড় দশটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের সাদার পাড়া এলাকার পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাঈন উদ্দিন (১৬) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদার পাড়া এলাকায় দিল মোহাম্মদের ছেলে। সে এবার পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।

এই ঘটনার জন্য একই এলাকার সেলিম উদ্দীনের ছেলে মো. মারুফ হোসেন, তার ভাই মাহফুজ, মা মিনু আকতার ও দাদি মনোয়ারা বেগমকে দায়ী করেছেন নিহতের বাবা দিল মোহাম্মদ।

নিহতের বাবা দিল মোহাম্মদ বলেন, আমার ছেলের সঙ্গে মারুফের কাছে ১০০ টাকা পাওনা নিয়ে গত কয়েকদিন আগে মনোমালিন্য হয়। এ নিয়ে একে অপরের সাথে কথা বলা বন্ধ ছিল। আমি গতকাল আসরের নামাজের পর আমার ছেলেসহ মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় মারুফ তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ছিল। তখন আমি মাঈন উদ্দিনকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে। তখন আমার ছেলে বলে বাবা আমি ওর সাথে কথা বলি না। মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বের হলেই পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলের পথরোধ করে বুকে ও অন্ডকোষে আঘাত করে মেরে ফেলেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পাপিয়া চক্রবর্তী বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা। এসময় তাকে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, এক তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। নিহতের পরিবারের কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.