বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর : সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

জামালখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দেয়ালিকা ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিন আহমেদ জাহেদ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার গিয়াস উদ্দিন ২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর ও দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন আহমেদ নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার ভোলার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। তিনি নগর যুবদল নেতা নওশাদ আল জাসেদুরের বড় ভাই।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ জুন) জামালখানে বঙ্গবন্ধুর দেওয়ালিকা ও ম্যুরাল ভাঙচুরের সম্পৃক্ততা পাওয়ায় তার ভাই যুবদল ক্যাডার নওশাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করলে, সেটা জানতে পেরে পালানোর সময় ডিবি পুলিশের হাতে আটক হয় গিয়াস উদ্দিন আহমেদ জাহেদ।

উল্লেখ্য জানা যায়, জাহেদ এক সময় শিবিরের নাছির বাহিনীর অন্যতম সহযোগী ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর এই গিয়াস প্রকাশ জাহিদ খোলস পাল্টিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এবং তাদের সাথে সখ্যতা গড়ে তুলে। দীর্ঘদিন ধরে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছে। স্বেচ্ছাসেবক লীগের নাম ভাঙিয়ে শিবির ক্যাডার নিক্সন ও সরোয়ারের সহযোগী হয়ে চট্টগ্রামে চাঁদাবাজি, অস্ত্রব্যবসা, ভুমি দখল ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

Your email address will not be published.