জাল টাকা তৈরির মূলহোতাসহ ৯ জন রিমান্ডে

রাজধানীর লালবাগ থেকে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ গ্রেফতার মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৬ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- চক্রের মূলহোতা বাবুল মিয়া, তার স্ত্রী লিমা আক্তার মিনা, মূল কারিগর সাইফুল ইসলাম ও তার স্ত্রী মোসা. মিলি, নারী কারিগর কল্পনা আক্তার রিমি, ইব্রাহিম শেখ, আফজাল ওরফে রাসেল, হাবিবুল্লাহ ও দুলাল হোসেন। আসামিদের মধ্য লিমা, মিলি ও কল্পনার এক দিন করে এবং অপর ৬ আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।

তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৫ জুন রাজধানীর লালবাগের কাশ্মীর লেন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ কোটি টাকার জাল নোট জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কাশ্মীর লেনের একটি জাল টাকার কারখানার সন্ধান দেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.