কলম্বিয়ায় দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

 আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার মাঝ আকাশে বিমানবাহিনীর দু’টি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর পরপরই দুই বিমানেই আগুন ধরে যায় এবং মুহূর্তেই বিমানগুলো মাটিতে আছড়ে পড়ে। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

রবিবার (২ জুলাই) দক্ষিণ আমেরিকার দেশটির ভিলাভিসেনসিওর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার আপিয়ে ঘাঁটির কাছে তাদের দু’টি টি-২৭ টুকানো প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পাইলট, লেফটেনেন্ট কর্নেল নিহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দলকে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে বিমানবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে কয়েকটি বিমান উড়ে আসছে। যেগুলো একটি আরেকটির বেশ কাছাকাছি ছিল। এরমধ্যে হঠাৎ করে একটি বিমানের পাখায় বিস্ফোরণ হতে দেখা যায়। এর দুই সেকেন্ডের মধ্যে দু’টি বিমান মাটিতে আছড়ে পড়ে।

মন্তব্য করুন

Your email address will not be published.