দুদকের মামলায় সম্রাটের চার্জ শুনানি ২৮ আগস্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির চার্জশুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তার পক্ষের আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। এছাড়া তার স্থায়ী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। চার্জশুনানির পরবর্তী তারিখ ২৮ আগস্ট ধার্য করেন।

গত বছরের ২২ আগস্ট দুদকের মামলায় ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সকল মামলায় তিনি জামিনে আছেন।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

Your email address will not be published.