রাজধানীতে মহাসমাবেশে দলীয় নেতাকর্মীর ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে রোববার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল এর ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। পরে জামায়াতে ইসলামী বাংলাদেশও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেয়।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে; চলবে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে সাতকানিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে হরতাল। এ কর্মসূচির সমর্থনে এখনো মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
তবে প্রতিটি পয়েন্টে ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
সাতকানিয়া লোহাগাড়া থেকে দূরপাল্লার বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এবং এক পর্যায়ে মহাসড়কে যান চলাচলের জট হতেও দেখা যায় পরে ট্রাফিক পুলিশ তা অপসারণ করেন।
অভ্যন্তরীণ সড়কগুলোতে সিএনজি অটোরিকশাসহ ছোট সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, হরতালে মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে হরতালে নৈরাজ্যের প্রতিবাদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদদীন চৌধুরীর নেতৃত্বে কেরানীহাট হক টাওয়ার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ করেন।
এবং প্রতিবাদ সমাবেশ থেকে তারা বিরোধী দলের উদ্দেশ্যে বলেন হরতাল সফল করার জন্য স্বাধীনতা বিরোধী কেউ রাজপথে নামলে তাদের হাত -পা গুঁড়িয়ে দেয়া হবে।