হালদা থেকে জব্দ ১০ হাজার মিটার ঘেরা জাল!

নিজস্ব প্রতিবেদক  : দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।

আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাত্তারঘাট থেকে নাজিরহাট অংশে এ অভিযান পরিচালনা করেন তিনি।

তিনি বলেন, হালদায় ডিম ছাড়ার মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও এখন অপতৎপরতা চালাচ্ছে। ইফতারের আগের সময়ে প্রশাসন অভিযান করবে না ভেবেই তারা মাছ চুরির জন্য ঘেরা জাল বসিয়েছিল।

খবর পেয়ে সাত্তারঘাট থেকে নাজিরহাট অংশে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে বলে জানান ইউএনও মোহাম্মদ রুহুল আমীন।

অভিযানে আইডিএফ সদস্য, আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান সহায়তা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.