আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ঈদে পছন্দের জামা না পেয়ে সায়মা আকতার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (০৩ মে) বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী স্থানীয় চাঁপাতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
‘থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সায়মার মা রাবেয়া খাতুন পাড়া-মহল্লায় ফেরি করে নতুন কাপড় বিক্রি করেন। তারমধ্যে একটি জামা-কাপড় সায়মার পছন্দ হলে এবারের ঈদের জন্য মায়ের কাছে জামাটি দেওয়ার আবদার করে ওই কিশোরী। কিন্তু মেয়ের পছন্দের জামাটি দিতে তার মা নারাজ হওয়ায় সোমবার বিকেলে কিশোরী সায়মা নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঈদের জামা না পেয়ে অভিমান করে সায়মা নামের এক কিশোরীর আত্মহত্যার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।