চট্টগ্রামে প্রকাশ্যে নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই

 সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় চলন্ত বাস থেকে শেফায়েতুন নেছা সোমা নামে এক নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তবে এখনো ভুক্তভোগী আইনজীবী থানায় লিখিত অভিযোগ দেননি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্টেশন রোডের ফলমন্ডির সামনে ৬ নম্বর রুটের একটি বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আইনজীবী শেফায়েতুন নেছা সোমা সিভয়েস২৪’কে বলেন, ‘আমার বাড়ি কাটগড়। সেখান থেকে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো প্রভাতি বাসে করে আমি টাইগারপাস নামি। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ৬ নম্বর রুটের একটি বাসে উঠি। আমি বসা ছিলাম চালকের ঠিক পেছনের সিটে। স্টেশন রোড ফলমন্ডি এলাকা থেকে ৬-৭ জন লোক বাসে উঠে। তারা সামনেই দাঁড়িয়ে ছিল ভিড় করে। তারা আমাকে বলে সরে বসতে বলে। এরমধ্যে একজন পেছন থেকে আমার গলায় থাকা স্বর্ণের চেইন আচমকা টান মেরে বাস থেকে নেমে দৌঁড় দেয়।’

‘আমি সাথে সাথে চোর-চোর বলে চিৎকার করলাম। কিন্তু বাস থেকে ওদের সাথে থাকা অন্য লোকরা নামতে দেয়নি। এরপর বাস থেকে একে একে সবাই নেমে গেল। পুরো ঘটনায় বাসের চালক কিংবা চালকের সহকারী—নির্বিকার দর্শক ছিল। আর চালকও ওই জায়গায় বাস একদম ধীরে চালাচ্ছিল যেন তারা পালানোর সু্যোগ পায়। আমার মনে হয় চালক এবং হেলপার দুজনেই এ ঘটনায় জড়িত।’

আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার পরপরই আমি থানায় গেলাম। সবটা খুলে বললাম দায়িত্বরত একজন উপপরিদর্শককে। প্রায় ১০-১৫ মিনিট পর ওই ৬ নম্বর রুটের গাড়িটি লালদিঘী থেকে যাত্রী না তুলে দ্রুত কোতোয়ালী মোড় অতিক্রম করছিলো। তখন পুলিশ বাসটিকে জব্দ করে এবং চালক-সহকারীকে ধরে নিয়ে যায়। আমি এ ঘটনায় লিখিত অভিযোগ দেব।’

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সিভয়েস২৪’কে বলেন, ‘বাসের মধ্য থেকে একজন নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা বাসটি জব্দ করার পাশাপাশি চালক এবং হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। ভুক্তভোগী আইনজীবী মামলা করলে আমরা ব্যবস্থা নেব। আর জড়িত বাকিদের শনাক্তে আমরা কাজ করছি।’

মন্তব্য করুন

Your email address will not be published.