ঈদগাঁও রেঞ্জে’র সাড়াশি অভিযান: অবৈধ গাছ কাটতে গিয়ে দুইজন গ্রেপ্তার
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন -
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিটের সংরক্ষিত বনভূমির ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বনাঞ্চলে অবৈধভাবে আকাশমনি গাছ কাটতে গিয়ে ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর এবং একাই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনিরকে আটক করা হয়।
তাদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানকালে কর্তিত ৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।
ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন চট্টগ্রাম সংবাদকে জানান, সংরক্ষিত বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ ও গাছ কাটার অভিযোগে বন আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এদিকে স্থানীয়রা চট্টগ্রাম সংবাদকে জানিয়েছেন, রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন প্রায় সময় সাড়াশি অভিযান পরিচালনা করে থাকেন।