পটিয়ায় নির্মাণাধীন ভবন হেলে পড়েছে: ধসের আশঙ্কায় আতঙ্ক

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম):

পটিয়া উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মুন্সেফ বাজার এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম ঘটনাস্থলে এসে ভবনটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং সতর্কতামূলক ব্যানার টানিয়ে দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ভবনের আশপাশে অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা অতীশ চাকমা জানান, নির্মাণাধীন ভবনটির কাঠামো বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভিত্তি ও কাঠামোগত দুর্বলতার কারণে ভবনটি ধসে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় কারিগরি মূল্যায়ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত আতঙ্কের মধ্যে সময় কাটছে তাদের। আশপাশে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যস্ত সড়ক থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এদিকে ভবনটির পাশের এমএস টাওয়ারের মালিক সাইফুল ইসলাম রুবেল বলেন, নির্মাণাধীন ভবনটি তার ভবনের ওপর হেলে পড়ায় ভাড়াটিয়ারা ইতোমধ্যে ভবন ছেড়ে দিয়েছেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ ও প্রকৌশলগত সমাধানের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

 

মন্তব্য করুন

Your email address will not be published.