লামায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন বলেন বনাঞ্চলে সেটিকে অবমুক্ত করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবানের লামা উপজেলায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রূপসীপাড়া ইউনিয়নের মুরুংঝিরি এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কাঠুরিয়া রাসেল লজ্জাবতী বানরটি দেখতে পান। একপর্যায়ে বানরটি তাকে কামড় দিলে তিনি সেটিকে ধরে ফেলেন।

পরে সন্ধ্যায় বানরটি লোকালয়ে নিয়ে আসা হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পারেন এবং বন বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গতকাল রাত ৯টার দিকে বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনি পারভেজ ও সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন অংহ্লাপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন।
লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন বলেন আজ রবিবার বনাঞ্চলে সেটিকে অবমুক্ত করা হয়েছে।