জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল
লোহাগাড়া সাতকানিয়ায়, লুটের অনেক অস্ত্র থেকে গেছে-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলাম এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
রিটটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়।
রিটে বলা হয়, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থেকে যাওয়ায় সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
আরও বলা হয়, এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তা ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন।