ডেস্ক রিপোর্ট
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ধানক্ষেত পাহারার টংঘর থেকে দুই কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মার্চ সোমবার (ভোররাতে) সেহরি খেয়ে টংঘরে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অপহৃতরা হলেন,ঈদগড় ১নং ওয়ার্ড ধুমছাকাটা এলাকার ছৈয়দ কাসেম ও মাহমুদুল হক মাদু। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ ধানক্ষেত পাহারা দিয়ে আসছিলেন।
অপহৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, রমজান মাস হওয়ায় ভোর রাতে সেহরি খেয়ে তারা ধানক্ষেতের পাশে তৈরি টংঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত অপহৃতদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঈদগড় এলাকায় সম্প্রতি অপহরণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।