গাড়ী চাপা নাকি খুন?প্রশাসন আসার খবরে মাটি কাটার ব্যস্ততায় নিহত

সাতকানিয়া কৃষি জমির মাটি কেটে ইটভাটায়-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের সময় মাটি খেকোদের ডাম্পার ট্রাক চাপায় সাজ্জাদ হোসেন রোহান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরিচ্চা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন রোহান উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদ বাড়ির মো. ফোরকানের পুত্র।

জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিল মাটিখেকোরা। এ সময় প্রশাসনের অভিযানের খবর পেয়ে মাটিখেকোরা ডাম্প ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মাটি বোঝায় একটি ডাম্প ট্রাক সাজ্জাদ হোসেন রোহানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মার্চ) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত সাজ্জাদ হোসেন রোহানের পিতা মো. ফোরকান বলেন, আমার ছেলে মাটি ব্যবসায়ীদের কাছে চাকরি করতেন। শনিবার রাতে প্রশাসনের অভিযানের খবর পেয়ে চালকরা ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত মাটি বোঝায় একটি ট্রাকের চাপায় তার মর্মান্তিক মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মঞ্জুরুল হক বলেন, ডাম্পার ট্রাক চাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু আমরা নলুয়া ইউনিয়নে মাটি কাটার বিরুদ্ধে অভিযানে যাইনি। তবে রাতে পুলিশের টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, শুক্রবার রাতে আমরা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কেরানীহাট এলাকায় অভিযান পরিচালনা করেছি। নলুয়া ইউনিয়নে আমাদের কোনো টিম যায়নি।

এ বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি

মন্তব্য করুন

Your email address will not be published.