মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী)
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনাদিয়া দ্বীপে নোঙর করা একটি বিদেশি পর্যটকবাহী বোটে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ কোস্ট গার্ডের তাৎক্ষণিক ও দক্ষ অভিযানে প্রাণে রক্ষা পেয়েছেন নিউজিল্যান্ডের একটি পর্যটক পরিবার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি ২০২৪ সালে টুরিস্ট ভিসায় পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। সমুদ্রপথে একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে বিশ্বভ্রমণের পরিকল্পনা ছিল তাদের।
এ ধরনের যাত্রার ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড তাদের আগেই সতর্ক করে এবং এ যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেয়। পাশাপাশি ২০২৬ সালের ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়। পরে যাচাই করে দেখা যায়, তাদের পাসপোর্টের মেয়াদ ২০২৬ সালের ১৬ জানুয়ারি শেষ হয়ে গেছে।
তবে এসব নির্দেশনা উপেক্ষা করে তারা সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। এরই মধ্যে গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাদের বোটে হামলা চালায়।
সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং পর্যটকদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় চলছে।
উদ্ধারের পর জন এডওয়ার্ড পাডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
