বাঘাই হাট রেঞ্জ কর্মকর্তার তৎপরতায় মাঝপথে আটকে গেল চোরাই সেগুন কাঠ
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বাঘাইহাট রেঞ্জ কর্তৃপক্ষ।
শনিবার (১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন এবং স্থানীয় বন বিভাগের একটি চৌকস দল এই যৌথ অভিযান পরিচালনা করে।
বাঘাইহাট রেঞ্জ সূত্রে জানা গেছে, শুকনাছড়া এলাকায় বন বিভাগের বাগান থেকে সরকারি মূল্যবান সেগুন গাছ কেটে দুষ্কৃতকারীরা অন্যত্র পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অপরাধীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১৫২.৭১ ঘন ফুট চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার টাকা।
এদিকে বাঘাই হাট রেঞ্জ কর্মকর্তা মো: আক্তারুজ্জামান বলেন, গাছ গুলো কাটা হয়েছে আমার রেঞ্জের আওতার বাইরের অন্যত্রের দূর্গম এলাকায় তবে খবর পেয়েছি আমার রেঞ্জের উপর দিয়ে সেগুলো পাচার হবে। ফলে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমি সেনাবাহিনীকে খবর দিই এবং আমরা সবাই মিলে কাঠগুলো জব্দ করতে সক্ষম হই।
এদিকে বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড়ের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং চোরাচালান বন্ধে সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও বন বিভাগের সাথে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বাঘাইহাট এলাকার স্থানীয়রা জানান, রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ আক্তারুজ্জামান আসার পর থেকে বাঘাইহাট মাছালং ও লক্ষীছড়ি পূর্ব রেঞ্জ ও লক্ষীছড়ি পশ্চিম রেঞ্জ এলাকায় নজিরবিহীন ভাবে গাছ পাচার ও চুরিসহ বন সংশ্লিষ্ট অপরাধ কমে গেছে।