হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

 

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

সাক্ষাৎকালে আসিফ মাহমুদ হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। এ বিষয়ে আমিরের একান্ত সহকারী আব্দুল খালেক বৈঠকের সত্যতা নিশ্চিত করে জানান, উভয়ের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

 

এসময় আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং তাদের পরিবারকে অনুদান দেওয়ার জন্য আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সাক্ষাতের শেষ পর্যায়ে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে হেফাজত আমিরের কাছে দোয়া কামনা করেন আসিফ মাহমুদ।

এ সময় আসিফ মাহমুদের সফরসঙ্গী হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.