নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক—এমন উল্লেখ করে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তবে ওই গণবিজ্ঞপ্তি জারির একদিনের মাথায় তা প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানান। এর আগে বুধবার অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নোটিশ দিয়েছে কমিশনার।
প্রথমে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রচার করছে। এসব সংবাদে সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
আরও পড়ুন: গরুর হাটের দ্বন্দ্বে ঢাবি ছাত্রাবাসের সামনে টিটনকে হত্যা, জড়িয়েছে যেসব নাম
এ প্রেক্ষাপটে গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২০২৬ সালের ১ মে সন্ধ্যা ৬টার মধ্যে, রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। পাশাপাশি এসব অনিবন্ধিত পোর্টালের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকেও বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীকে অনুরোধ জানানো হয়।
তবে পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, স্মারক নং-সিটিএসবি/এসএমপি/২৫০১, তারিখ ২৯ এপ্রিল ২০২৬ মূলে জারিকৃত ওই গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।