সাতকানিয়া- চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি স্থানীয় জামায়াত কর্মী গ্রেপ্তার
চরতীর আওয়ামী লীগের কর্মী বগা দেলোয়ার হত্যা মামলার চার্জশীটভুক্ত -
আব্দুল আলম, নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত দেলোয়ার হোসেন প্রকাশ বগা হত্যাকাণ্ডের মামলায় চার্জশিটভুক্ত আসামি মো. ইলিয়াছকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের পশ্চিম কাঞ্চনা মনু ফকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইলিয়াছ ওই এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে এবং মামলার ১৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে নিহত দেলোয়ার উপজেলার চরতি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতি আলী চাঁন মিয়ার বাড়ির বাসিন্দা মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি একজন মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও আদালতে দাখিলকৃত চার্জশিট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বগাকে তার ঘরের সামনে থেকে মুখোশধারী দুর্বৃত্তরা অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের সরওয়ার বাজারের পশ্চিম পাশে জালাল আহমদ মেম্বারের বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে গুরুতর আহত করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ খালি না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে পুনরায় চমেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর তার মৃত্যু হয়।
ঘটনার পর থানা পুলিশ হত্যা মামলাটি গ্রহণ না করলে নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার ২০২৪ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২ জনকে এজাহারনামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে পিবিআই ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, চার্জশিটভুক্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। স্বামীকে হারিয়ে তিনি সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েন এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার আসামিকে শুক্রবার (৮ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ইলিয়াস কাঞ্চনায় জামায়াত সমর্থক হিসেবে ব্যাপক পরিচিত।এবং সংগঠনটির বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণের ছবি তার ফেসবুকে শেয়ার করতেও দেখা যায়।