প্রকাশ্যে লাঠির আঘাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু, ঘন্টা না পেরোতেই পুলিশের হাতে আটক খুনি 

চট্টগ্রামের লোহাগাড়া-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে চরম্বা জামিউল উলুম ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কাশেমের (৫৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামসুল ইসলাম ও হারুন নামে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবুল কাশেম একই এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষের লোকজন ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানার পর আবুল কাশেম সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বললে রাজমিস্ত্রীর ঠিকাদার মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াকুব ঘটনাস্থলে প্রতিপক্ষের শামসুল ইসলাম ও হারুনকে ডেকে আনলে হারুন দৌড়ে এসে লাঠি দিয়ে আবুল কাশেমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হারুনও আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত আবুল কাশেমের ছোট মেয়ে বলেন, ‘শামসুল ইসলাম ও হারুনসহ আরও কয়েকজন আমাদের জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ করছিলেন। এ সময় আমার ফুফু বাধা দিলে তাকে ছুরি নিয়ে ধাওয়া করা হয়। এরপর আমার বাবা খবর পেয়ে মাদরাসা থেকে সেখানে আসেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে হারুন আমার বাবাকে মারধর শুরু করেন। এরপর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।’
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন

Your email address will not be published.