ঈদে বন্দীদের জন্য বিশেষ আয়োজন চট্টগ্রাম কারাগারে

স্টাফ রিপোর্টার

ঈদ মানেই আনন্দ, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং বিশেষ খাবারের আয়োজন। তবে কারাগারের চার দেয়ালের ভেতরে থাকা বন্দীদের জন্য সেই আনন্দের পরিধি অনেকটাই সীমিত। তবুও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দীদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, বর্তমানে কারাগারটিতে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও হাজতি মিলিয়ে প্রায় ছয় হাজার বন্দী রয়েছেন। ঈদের ছুটিতে তাদের সবাইকে কারাগারের ভেতরেই ঈদ উদযাপন করতে হবে। তাই প্রতি বছরের মতো এবারও বন্দীদের জন্য বিশেষ খাবার, ঈদের জামাত এবং বাড়তি কিছু আয়োজন রাখা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, সরকারি বিধি মেনেই বন্দীদের ঈদ আনন্দমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন সকালে কারাগারে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে অংশ নেবেন কারা কর্মকর্তা ও কর্মচারীরা, পরে বন্দীদের জন্য আলাদা জামাত আয়োজন করা হবে।

তিনি জানান, সকালে বন্দীদের জন্য পায়েস ও মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে মুসলিম বন্দীরা পাবেন গরুর মাংস ও পোলাও। অন্য ধর্মাবলম্বীদের জন্য থাকবে খাসির মাংস। রাতের খাবারে রাখা হয়েছে আলুর দম ও রুই মাছ ভাজা। এছাড়া ঈদের পরদিন বন্দীদের স্বজনরা বাসায় রান্না করা খাবার কারাগারে পৌঁছে দিতে পারবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.