পটিয়ায় শিশু জায়ানের বস্তাবন্দী লাশ উদ্ধার,হত্যাকারী আটক

 

আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় অপহরণের শিকার গ্যারেজ মালিকের ৫ বছরের শিশু জায়ানের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে শিশু জায়ান নিখোঁজ হয়। এঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রথমে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে শিশুটির বিছানা থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি সংক্রান্ত একটি চিরকুট পাওয়া যায়। এরপর অপহরণের বিষয়টি সামনে চলে আসে।

ঘটনার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে

ডিবি পুলিশ ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা নামে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বজনদের অভিযোগ, মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় শিশুটিকে হত্যা করা হয়। এমনকি অভিযুক্তদের কয়েকজন শিশুটিকে খোঁজার নাটকেও অংশ নিয়েছিল বলে দাবি পরিবারের।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.