লোহাগাড়া থানা- কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের ম‍‍`রদেহ উদ্ধার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরে নিজ বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান।

জানা যায়, নিহত মো. আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, মো. আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারের এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে সে বুকে ব্যাথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। তার পরিবারের সদস্যরা আসছেন। এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.