নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা শিল্প এলাকা প্লট নং ৩ এলাকায় সাম্প্রতিক টানা ভারি বর্ষণ ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে সৃষ্ট বন্যায় মেসার্স কর্গ শিট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
সম্প্রতি, বন্যার পানিতে শিল্পপ্রতিষ্ঠানটির আশপাশের কয়েক কিলোমিটার এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কারখানার ভেতরেও পানি প্রবেশ করে।
এতে গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ কাঁচামাল, উৎপাদিত যন্ত্রপাতি/মেশিন এবং অন্যান্য শিল্প-সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রে জানা যায়, গত ৬ থেকে অদ্যাবধি বন্যার পানি কারখানার ভেতরে অবস্থান করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।
দ্রুত পানি না নামার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও অবকাঠামো পুনরায় সচল করতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির কারণে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন মালিকপক্ষ ও সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীরা।
জিডির আবেদনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অলক কুমার দে উল্লেখ করেন, তিনি চান্দগাঁও থানাধীন মোহরা সি/এ এলাকার প্লট নং-০৩ এ অবস্থিত মেসার্স কর্গ শিট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, গত ৬ জুলাই শুরু হওয়া টানা অতিবৃষ্টি এবং কর্ণফুলী নদীর অস্বাভাবিক জোয়ারের ফলে সৃষ্ট বন্যার কারণে কারখানার যাবতীয় কাঁচামাল, উৎপাদন যন্ত্রপাতি ও অন্যান্য মূল্যবান শিল্প-সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিষ্ঠানের আনুমানিক ৮ থেকে ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।