চট্টগ্রামে পুলিশ সদস্যদের ঘেরাও করে মাদক কারবারিদের হামলা আহত ২ পুলিশ 

আমবাগান এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি-

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে আহত দুই উপপরিদর্শককে (এসআই) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এসআই মবিনুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে নগরীর আমবাগান রেললাইন-সংলগ্ন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ডবলমুরিং থানার এসআই মবিনুল ইসলাম ও এসআই মহসিন উদ্দিন রুবেল।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) আমিনুর রশিদের ভাষ্য, সিএমপির তালিকাভুক্ত মাদক বিক্রেতা আলমগীরকে গ্রেপ্তার করতে ডবলমুরিং থানা পুলিশের একটি দল আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা চালায়। হামলার মধ্যে এসআই মবিনুল ইসলাম দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে হামলাকারীরা তাকে ঘিরে মারধর ও ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গেলে এসআই মহসিন উদ্দিন রুবেলও ছুরিকাঘাতে আহত হন।

এডিসি আমিনুর রশিদ বলেন, ‘হামলার মধ্যেও পুলিশ একাধিক মাদক মামলার আসামি আলমগীরকে আটক করতে সক্ষম হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুরো এলাকা ঘিরে অভিযান চালানো হচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহত এসআই মহসিন উদ্দিন রুবেলকে প্রাথমিক চিকিৎসা শেষে দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.