পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী এলাকায় গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) ভোররাতে আলী আব্বাসের বাড়িতে সংঘটিত এ ঘটনায় ডাকাতদল ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ভোররাতের দিকে ডাকাতদল বাড়ির তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক মুয়াজ্জিনকেও মারধর করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আসিফ বলেন, “রাতের শেষ ভাগে হঠাৎ ১০-১২ জনের একটি দল ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। সবাইকে একটি কক্ষে বেঁধে রেখে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় মুয়াজ্জিনকেও মারধর করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। সকালে খবর পেয়ে পটিয়া থানাকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন,”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।