পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া আগামি তিন বছরের জন্য চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন (ওয়াসা) কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২১ মে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহকে অপসারণ করা হলে প্রায় ১৮ মাস খালি ছিল এমডি পদটি।
এর আগে, গত জুনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
জুলাইয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইদ্রিস মিয়া।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।