অনিয়ম দেখলেই রাস্তায় দাঁড় করিয়ে প্রশ্ন করবেন—মেয়র জোবায়ের

সাতকানিয়া পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫৩ কোটি ১১ লাখ ১৪ হাজার ৭৩৩ টাকা বাজেট ঘোষণা করেছেন পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের। বৃহস্পতিবার সকালে পৌরসভার হল রুমে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা সেলিমুল হক চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

ঘোষিত বাজেটে সংস্থাপন খাতে ১ কোটি ৯৪ লাখ ২০ হাজার কর নির্ধারণ ও আদায় খাতে ২ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী কাজে ৫৮ লাখ টাকা, শিক্ষা খাতে সাড়ে ১১ লাখ টাকা বিবিধ খাতে ২ কোটি ৯৬ লাখ ৭০ হাজার, অবকাঠামো খাতে ৪১ কোটি ৪৮ লাখ টাকা, মূলধন হিসাবে ৩৩ লাখ, সমাপনী স্থিতি খাতে ৫ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৭৬৪ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, আমার কোনো অনিয়ম দেখলে রাস্তায় দাঁড় করিয়ে নির্দিধায় প্রশ্ন করতে পারবেন। ঘোষিত এই বাজেট বাস্তবায়নে নাগরিকদের ভূমিকা রাখবে। আমরা কেবল এই বাজেট যথাযথ জায়গায় ব্যবহার করব এবং এই বাজেটের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করব।

উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, সাতকানিয়া পৌরসভা হচ্ছে প্রথম শ্রেণির একটি পৌরসভা। অথচ এই পৌরসভার একটি নিজস্ব ভবন নাই। পৌরসভা হচ্ছে একটি উপজেলার ড্রয়িং রুম। সুতরাং পৌরসভার নিজস্ব ভবন খুবই দরকার। আমি উপজেলার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। আমরা চাই সাতকানিয়া পৌরসভা ভবিষ্যতে একটি মডেল পৌরসভা হউক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, একটি পৌরসভার বাজেট বাস্তবায়নে কর আদায়ের বিষয়টি আলাদা গুরুত্ব বহন করে। সুতরাং কর আদায়ে মেয়র এবং কাউন্সিলরদের গুরুত্বারোপ করতে হবে। একটি বাজেট বাস্তবায়ন একটি এলাকার উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। জনগণের কাছে যেহতু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় সেহেতু এই বাজেট বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.