বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রীর মা নাছিমা আক্তার বাদী হয়ে স্থানীয় জাফর আহমদের পুত্র মুবিন, হারুন, জসিম, আজিজুর রহমান ও বাদশা সহ ৬ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। করোনাকালীন সময়ে বিদ্যালয়ে বন্ধ থাকায় আমার মেয়ে স্কুলের এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়তেন। আসা যাওয়ার পথে প্রতিনিয়ত স্থানীয় পার্শ্ববতী জাফর আহমদের পুত্র মুবিন আমার মেয়েকে উত্যক্ত করত। এ ঘটনা আমি অবগত হওয়ার পর মেয়েকে বেশ কয়েকদিন যাবৎ প্রাইভেট পড়তে যেতে দি নাই।
বিষয়টি নিয়ে মুবিনকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। গত শনিবার (২৯ মে) সন্ধা ৭ টার দিকে আমার মেয়ে বাড়ির পার্শ্ববতী টিউবওয়েল হতে পানি আনার জন্য বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা মুবিন ও অপরাপর অাসামীদের সার্বিক সহযোগীতায় আমার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়।
তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় আমি বাঁশখালী আদালতে আইনের আশ্রয় গ্রহণে মুবিন সহ তার অপর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ফোন করে হুমকি দেয় সে আমার মেয়েকে অপহরণ করেছে।
এ দিকে আদালত মামলাটি চট্টগ্রাম জেলা সিআইডির কাছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করে।